প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৩:৫৪
হাজীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার আটক

হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, মকিমাবাদ গ্রামের এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন একই এলাকার বাসিন্দা সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।
|আরো খবর
ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাজীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








