সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১:৫১

বর্জ্য ফেলে খাল দূষণ ও ভরাটের দায়ে দু রাইস মিল মালিককে পৌনে দু লাখ টাকা জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বর্জ্য ফেলে খাল দূষণ ও ভরাটের দায়ে দু রাইস মিল মালিককে পৌনে দু লাখ টাকা জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজারে রাইস মিলের অপরিশোধিত বর্জ্য (ধানের তুষ, ছাই এবং গরম পানি) খালে ফেলে দূষণ ও ভরাট করার দায়ে লোহারপুল নাপিত বাড়ি খাল সংলগ্ন পৃথক দুটি অটো রাইস মিলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ রক্ষায় খাল দূষণমুক্ত রাখার জন্যে মিল কর্তৃপক্ষকে জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এবং সাজিদ হক।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর শহরের পুরাণবাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্য কর্মচারীরা এ সময় ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খাল থেকে ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্যে রাইস মিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়