প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৬:০৯
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে না পেয়ে দু ভাইকে আটক করেছে পুলিশ

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম খানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার পরপরই শুরু হয় পুলিশের অভিযান। ছাত্রলীগের সাধারণ সম্পাদককে না পেয়ে তার দু ভাইকে আটক করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বাসায় না পেয়ে তার দু ভাই রুবেল খান ও সৈয়দ খানকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম খানের একটি মিছিলের আহ্বান সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাসের পরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে মাঠে নামে।
পুলিশ জানায়, সাদ্দাম খানকে আটক করা সম্ভব না হলেও তার দু ভাই রুবেল খান এবং সৈয়দ খানকে আটক করা হয়েছে। পরে মামলার ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয় এবং জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, ওই স্ট্যাটাসের পর হাজীগঞ্জ থেকে একটি হাইস গাড়িতে করে প্রায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় মিছিল করার উদ্দেশ্যে আসে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম ওই গাড়িসহ দুজনকে আটক করেন। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় মোট ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এ মামলায় হাজীগঞ্জের ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আরিয়ান (আশিক) এবং শাহরাস্তির মো. শাহজালাল সানিমকে আটক করে কারাগারে পাঠানো হয়। একই মামলায় সাদ্দাম খানের দু ভাইকেও গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী চাঁদপুরে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলো। তবে পূর্ব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এখনও মামলার পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।








