প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার
ঘটনাটি রহস্যজনক

ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা অবস্থায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহদ গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান বেগম ওই গ্রামের সজিদ বাড়ির কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী, তিনি ৪ সন্তানের জননী। খবর পেয়ে বিকেল ৩ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে নুরজাহান বেগমকে তার নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
|আরো খবর
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতো টাকার জন্যে। ঘটনার দিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসে, তবে কোন্ এনজিও তার নাম তিনি বলতে পারেন নি। সে কারণে ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা বের হওয়া প্রয়োজন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মোর্শেদ আখন জানান, গলা কাটা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সংবাদ পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








