প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৪৩
চাঁদপুরে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জরুরি অবহিতকরণ সভা
স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না, শীঘ্রই কঠোর অভিযান
--- সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জরুরি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
সিভিল সার্জন বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে সব প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে হবে এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবহেলা কিংবা গাফিলতিতে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, মানহীন প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করা হবে। বন্ধ করা হবে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান। স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ কারো খামখেয়ালী কিংবা অতি মুনাফার বলি যেনো সাধারণ মানুষ না হয় সেদিকে নজর রাখতে হবে৷
সংগঠনের সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের উপস্থাপনায় সভায় বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল৷ তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্দেশনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডা. এস এম সহিদ উল্যা, সিনিয়র সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম খান, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য সিনিয়র চিকিৎসক অধ্যপক ডা. সালেহ আহমেদ, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর মিঞা, সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া প্রমুখ।
সভায় উপস্থিত বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিকের মালিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন মূল্য তালিকা নির্ধারণ, লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাম্প্রতিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়।
ডিসিকে /এমজেডএইচ








