প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৯
অস্বাস্থ্যকর পরিবেশে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা!

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা জনগণকে। ভর্তিকৃত রোগীরাও থাকেন সীমাহীন ভোগান্তিতে।
|আরো খবর
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে বাইরে সবখানে দুর্গন্ধময় ও অপরিচ্ছন্ন পরিবেশ। স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট ও পানি নিষ্কাশনের ড্রেনে ময়লা আবর্জনায় দুর্গন্ধময় পুরো হাসপাতাল এলাকা। টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে পুরো ওয়ার্ডে অবস্থান করাই দুরূহ ব্যাপার। টয়লেটেগুলোর দরজা ভাঙ্গা। ফলে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে বেকায়দায় পড়তে হয় রোগীদের।
৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহার করার জন্যে যেসব ডাস্টবিন রয়েছে তার বেশিরভাগই ব্যবহারের অনুপোযোগী অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে আছে। যার ফলে ময়লা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা পানি নিষ্কাশনের যে সমস্ত ড্রেন রয়েছে সেগুলো ময়লা আবর্জনায় ভর্তি। এ ড্রেন থেকে ময়লার দুর্গন্ধ পরিবেশ দূষিত করছে। ড্রেনে মশার বংশ বিস্তার ঘটছে। ড্রেন থেকে প্রতিনিয়ত মশা মাছি জন্ম হয়ে রোগ ছড়াচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ টয়লেটের নেই দরজা এবং ভেতরটি অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময়।
প্রতিটি ওয়ার্ডে যে সিলিং ফ্যানগুলো রয়েছে সেগুলোর বিকট আওয়াজে রোগীদের স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটে বলে রোগীরা জানান। ভর্তিকৃত রোগীরা জানান, টয়লেটগুলোর ভাঙ্গা দরজা খুলে রাখা হয়েছে। ফলে দুর্গন্ধে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের স্টিলের দরজাটিও ভাঙ্গা অবস্থায় রয়েছে। ফলে রাতের আঁধারে অনাকাঙ্ক্ষিত লোকজন অনায়াসে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে।
রোগীরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বহু ভোগান্তির মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে। কর্তৃপক্ষের নিকট এ সকল সমস্যা দূর করে স্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রত্যাশা করছে হাসপাতালে সেবা নিতে আসা জনগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হোসাইন জানান, টয়লেটের দরজা ভাঙ্গা রয়েছে, যা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করেছি। পরিছন্নতাকর্মী তথা সুইপারের চারটি পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র একজন। জনবল সংকট থাকায় এ সমস্যা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ







