প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫
পতিত জমি কাজে লাগলে বদলে যাবে চাঁদপুরের কৃষি অর্থনীতি

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীবেষ্টিত জেলা চাঁদপুরের পরিচিতি সুপ্রাচীন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলের প্রবাহ, ইলিশের ঐতিহ্য, সমৃদ্ধ কৃষি, মৎস্যসম্পদ এবং বিপুলসংখ্যক প্রবাসীর পাঠানো রেমিট্যান্স—সব মিলিয়ে জেলার অর্থনীতিতে রয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। কিন্তু এই বৈচিত্র্যময় পরিচিতির আড়ালে একটি বড় প্রশ্ন থেকেই যায় : এতো সম্পদ, মানবসম্পদ ও বৈদেশিক আয়ের পরও চাঁদপুরের সাধারণ মানুষের জীবনমান কতোটা বদলেছে? কৃষি উৎপাদন, দারিদ্র্য, শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি বিনিয়োগের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চাঁদপুরের উন্নয়নচিত্র একরৈখিক নয়; এখানে যেমন রয়েছে অপার সম্ভাবনা, তেমনি রয়েছে কিছু কাঠামোগত সীমাবদ্ধতাও।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, চাঁদপুর জেলার আয়তন ১ হাজার ৬৪৫ দশমিক ৩২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২৬ লাখ ৩৫ হাজার ৭৪৮ জন। তুলনামূলকভাবে সীমিত এই আয়তনের জেলায় জনসংখ্যার চাপ বেশ লক্ষণীয়। এছাড়া ২০২২ সালের হিসাব অনুযায়ী জেলায় মোট পরিবার ছিলো ৬ লাখ ৩৫ হাজার ২৯০টি।
১০ বছর বা তার বেশি বয়সী কর্মরত জনগোষ্ঠীর খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষিতে নিয়োজিত রয়েছেন ৪০ দশমিক ১১ শতাংশ, শিল্পে ১৩ দশমিক ১২ শতাংশ এবং সেবা খাতে ৪৬ দশমিক ৭৬ শতাংশ মানুষ। ২০১১ সালের তুলনায় জেলায় কৃষিনির্ভর মানুষের অনুপাত কমলেও সেবা ও শিল্প খাতের অংশ বেড়েছে। যদিও এই পরিসংখ্যানকে সরাসরি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) খাতওয়ারি অবদান হিসেবে দেখার সুযোগ নেই, তবুও এটি স্পষ্ট যে, চাঁদপুরের কর্মসংস্থানের কাঠামো ধীরে ধীরে বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে মোড় নিচ্ছে।
কৃষির ক্ষেত্রে ইলিশের ঘরের অবস্থান বুঝতে হলে কেবল জেলার একক উৎপাদন দেখলেই যথেষ্ট নয়; বরং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান জেলার সঙ্গে তুলনা করা প্রয়োজন। বিবিএসের ২০১৭-১৮ সালের ভূমি-ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুরে নিট ফসলি জমির পরিমাণ ছিলো প্রায় ২ লাখ ৩৯ হাজার একর। একই সময়ে জেলায় বর্তমান পতিত জমি ছিলো প্রায় ৩৪ হাজার একর এবং আবাদযোগ্য অনাবাদি জমি ছিলো প্রায় ২ হাজার একর। তুলনামূলকভাবে ময়মনসিংহে নিট ফসলি জমি ছিলো ৭ লাখ ৩৮ হাজার একর, নওগাঁয় ৭ লাখ ১৩ হাজার একর, দিনাজপুরে ৬ লাখ ৭১ হাজার একর, বগুড়ায় ৫ লাখ ২৪ হাজার একর এবং রাজশাহীতে ৪ লাখ ৭২ হাজার একর। অর্থাৎ, নির্বাচিত বড় কৃষি জেলাগুলোর তুলনায় চাঁদপুরের ফসলি জমির পরিমাণ বেশ কম।
অবশ্য ‘বর্তমান পতিত জমি’ এবং ‘আবাদযোগ্য অনাবাদি জমি’র ধারণার মধ্যে পার্থক্য রয়েছে। কোনো জমি এক মৌসুমে চাষ না হলে তা বর্তমান পতিত জমি হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে অনাবাদি এবং চাষের উপযোগী জমির বিষয়টি আলাদা। নদীভাঙন, চর জাগা, নদীর গতিপথ পরিবর্তন এবং বসতি ও অবকাঠামো সম্প্রসারণের কারণে চাঁদপুরে জমির ব্যবহার দ্রুত পরিবর্তিত হয়। তাই সুনির্দিষ্ট কৃষি পরিকল্পনার জন্য একটি হালনাগাদ ভূমি জরিপ অত্যন্ত জরুরি।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জেলা ও মৌসুমভিত্তিক উৎপাদন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে আউশ, আমন ও বোরো—এই তিন মৌসুমের ধান উৎপাদনে চাঁদপুরের মোট পরিমাণ ছিলো প্রায় ৩ লাখ ৪৯ হাজার ৬৮৩ টন। তুলনামূলকভাবে ফরিদপুরে ৩ লাখ ৬১ হাজার ৫৫৫ টন, কুষ্টিয়ায় ৫ লাখ ৩০ হাজার ৬৭৮ টন, চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৫৪ হাজার ৫২২ টন, রাজশাহীতে ৭ লাখ ১৯ হাজার ৯৬১ টন, দিনাজপুরে ১০ লাখ ২৮ হাজার ৯৫৪ টন, বগুড়ায় ১৩ লাখ ৮৮ হাজার ৭৮৫ টন, নওগাঁয় ১৬ লাখ ৩০ হাজার ২২০ টন এবং ময়মনসিংহে ১৮ লাখ ১৮ হাজার ৯৪৩ টন ধান উৎপাদিত হয়েছে। এই ১১টি জেলার মধ্যে ধান উৎপাদনে চাঁদপুর সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
তবে এই তুলনার একটি সীমাবদ্ধতা হলো—এখানে কেবল চাল উৎপাদন হিসাব করা হয়েছে; গম, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, শাকসবজি, ফলমূল বা মাছ ও প্রাণিসম্পদের উৎপাদন এতে যুক্ত নেই। তাই সার্বিক কৃষি উৎপাদনে চাঁদপুর সবার নিচে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মাছ ও অন্যান্য কৃষিপণ্যের অবদান যোগ করলে চিত্র ভিন্ন হতে পারে।
চাঁদপুরের কৃষির ভবিষ্যৎ কেবল ধান উৎপাদনের ওপর নির্ভর করে থাকা উচিত নয়। সীমিত জমিতে অধিক ফলন পেতে উচ্চমূল্যের ফসল, নিরাপদ শাকসবজি, ফলমূল, ডাল ও তেলবীজ চাষ, উন্নত বীজ ব্যবহার, কৃষিযান্ত্রিকীকরণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং সংরক্ষণাগার নির্মাণ জরুরি। পাশাপাশি নদী ও জলাভূমির কল্যাণে মাছ চাষ, সমন্বিত কৃষি এবং গবাদিপশু পালনও গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বাজারসংযোগ ও সংরক্ষণের সুব্যবস্থা করা সবচেয়ে বেশি প্রয়োজন।
বিবিএসের তথ্যমতে, চাঁদপুর জেলায় প্রায় ৩৪ হাজার একর জমি (প্রায় ১৩ হাজার ৭৫৯ হেক্টর) চলতি পতিত হিসেবে চিহ্নিত ছিলো। বিপুল পরিমাণ এই জমি পরিকল্পিতভাবে চাষাবাদের আওতায় আনা গেলে জেলার খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থানে বিপ্লব ঘটতে পারে। বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডাল ও তেলবীজ চাষে এসব জমি অত্যন্ত উপযোগী। তবে জমির প্রকৃতি, জলাবদ্ধতা ও নদীভাঙনের বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষকদের উন্নত বীজ, সার ও সেচ সুবিধা প্রদান এবং অনাবাদি জমি চাষে প্রণোদনা দেওয়া এখন সময়ের দাবি।
শিক্ষার ক্ষেত্রে চাঁদপুরের চিত্র বেশ আশাব্যঞ্জক। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, জেলায় ৭ বছর বা তার বেশি বয়সীদের সাক্ষরতার হার ৭৮ দশমিক ০৫ শতাংশ, যা জাতীয় হার (৭৪ দশমিক ৬৬ শতাংশ) থেকে অনেকটাই বেশি। তবে কেবল উচ্চ সাক্ষরতার হার দিয়ে কর্মসংস্থান বা দারিদ্র্য সমস্যার সমাধান হয় না। শিক্ষার সঙ্গে কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং স্থানীয় অর্থনীতির সংযোগ না থাকায় বহু তরুণকে কাজের সন্ধানে বাইরে যেতে হয়। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ করা জরুরি।
এদিকে দারিদ্র্যের চিত্রে কিছুটা ভিন্নতা দেখা যায়। বিশ্বব্যাংক ও বিবিএসের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘পভার্টি ম্যাপ অব বাংলাদেশ ২০২২’ অনুযায়ী, চাঁদপুরে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৬ শতাংশ। নির্বাচিত ১১টি জেলার মধ্যে এটি চতুর্থ সর্বোচ্চ। সাক্ষরতার হার জাতীয় গড়ের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও দারিদ্র্যের হার অপেক্ষাকৃত বেশি থাকাটা একটি বড় বৈপরীত্য। এটি প্রমাণ করে যে, শিক্ষা বিস্তারের পাশাপাশি জেলায় কর্মসংস্থান, যুব উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
চাঁদপুরের অর্থনীতির আরেকটি বড় চালিকাশক্তি হলো প্রবাসী আয়। ২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, জেলার ১ লাখ ৭২ হাজার ৪০৩ জন নাগরিক বিদেশে অবস্থান করছিলেন। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে শুধু চাঁদপুর থেকে ৩৫ হাজার ২৯৯ জন কর্মী বিদেশে গেছেন—যা নির্বাচিত ১১টি জেলার মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) হিসাব অনুযায়ী, চাঁদপুর জেলা রেমিট্যান্স অর্জনেও প্রথম স্থান অধিকার করেছে এবং ওই তিন মাসে এসেছে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।
তবে রেমিট্যান্সের এই প্রবাহ জেলার সব পরিবারের সমান সচ্ছলতার প্রমাণ দেয় না। প্রবাসী আয় অনেক সময় নির্দিষ্ট কিছু পরিবারে কেন্দ্রীভূত থাকে। এই বিশাল বৈদেশিক মুদ্রা যদি কেবল ভোগ বা বাড়িঘর নির্মাণে ব্যয় না হয়ে দীর্ঘমেয়াদী উৎপাদনশীল খাতে (যেমন-কৃষি প্রক্রিয়াজাতকরণ, হিমাগার, মৎস্য সংরক্ষণ ও ক্ষুদ্র শিল্প) বিনিয়োগ করা যায়, তবে তা জেলার অর্থনীতিতে স্থায়ী পরিবর্তন আনতে পারে।
উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রেও বাস্তবসম্মত হিসাব থাকা প্রয়োজন। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চাঁদপুর সেচ প্রকল্প পুনর্বাসনের জন্য ১৭৬ কোটি টাকার বেশি এবং মতলব উত্তর উপজেলার নদী তীর সংরক্ষণ প্রকল্পের জন্য প্রায় ৫০ কোটি টাকার বহুবর্ষমেয়াদী প্রকল্প রয়েছে। এগুলো কোনো এক অর্থবছরের একক বরাদ্দ নয়। তাই খণ্ডিত তথ্য প্রচার না করে বরং প্রকল্পের সুফল, সেচ সুবিধা পাওয়া জমির পরিমাণ এবং নদীভাঙন থেকে সুরক্ষার প্রকৃত চিত্র তুলে ধরা উচিত।
সব মিলিয়ে চাঁদপুরের সামনে একটি দ্বৈত বাস্তবতা রয়েছে—একদিকে উচ্চ সাক্ষরতা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ, অন্যদিকে ধান উৎপাদনে পিছিয়ে থাকা এবং উচ্চ দারিদ্র্যের হার। এই বৈপরীত্য দূর করতে হলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নদীভাঙন রোধ, প্রবাসী আয়ের সঠিক বিনিয়োগ এবং তরুণদের জন্য কারিগরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
এ বিষয়ে চাঁদপুর প্রেস ক্লাব ও রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ বলেন, “চাঁদপুরের সমস্যা সম্ভাবনার অভাব নয়; বরং বিদ্যমান সম্ভাবনাকে সবার জন্য আয়, কাজ ও উন্নত জীবনমানে রূপান্তর করার চ্যালেঞ্জ। নদী, কৃষি, মৎস্য, শিক্ষা ও প্রবাসী আয়ের শক্তিকে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে একসূত্রে বাঁধতে পারলে চাঁদপুরের অর্থনীতি আরও বহুমুখী হতে পারে।”
তাঁর মতে, চাঁদপুরের প্রকৃত উন্নয়ন কেবল রেমিট্যান্সের অঙ্ক বা বাস্তবায়িত প্রকল্পের সংখ্যা দিয়ে মাপা যাবে না; বরং এর মাপকাঠি হবে জেলার কতো মানুষের আয় বাড়লো, কতো তরুণ কাজ পেলো এবং দারিদ্র্য কতোটা কমলো—সেটাই।
মোহাম্মদ সানাউল হক : ফিচার সাংবাদিক।







