রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫

দহন

মাইনুল তোহা
দহন

‘পূর্বপাড়ার জমিটি বিক্রি করে ফেলবো।’

সুধারাম মায়ের সামনে কথাটি তুললো। সম্মতি আদায় উপলক্ষ নয়, বলার জন্য বলা।

বৃদ্ধা চোখে জল ধরে রাখার চেষ্টা করছে। এমন দিন দেখতে হবে, ভাবতে পারেনি। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়া। অনাহারে থেকেছে, মেয়েটা মারা গেলো চিকিৎসার অভাবে, বিক্রির চিন্তা মাথায় আনেনি। স্বামী বিমাতৃসুলভ আচরণ করে গেছে। মৃত্যুর আগে সব সম্পত্তি সমানভাবে ভাগ করলেও এ জমিটির জন্য আলাদা দানপত্র বানায়, তাতে শুধু ছোটো ছেলে সুধারামের নাম লেখা।

সুধারাম কৃষিকাজ করে, সহজ-সরল মানুষ। বড়ো ছেলে প্রলয় একারণে আপত্তি তুলেনি, উল্টো খুশি হয়েছে ভাইয়ের কথা ভেবে।

জমিটির অবস্থান অপেক্ষাকৃত উঁচুতে। বর্ষায় পানি জমে না। শাক-সবজি, ফল-মূল ভালো জন্মে। বাবা সংসার চালিয়ে বাড়তি অংশ বিক্রি করতেন, তাতে আনুষঙ্গিক সদাই কেনা যেতো।

প্রলয়ের দোকান আছে। অবস্থাও বেশ ভালো। চাষাবাদ করা লাগে না। বর্গা চাষিরা যা দিয়ে যায়, তাতে বছরের খোরাকি চলে। প্রলয় সারাদিন বাইরে থাকে, ফিরতে অনেক রাত। প্রলয়ের বউ উমা বেশ বুদ্ধিমতী। বড় ঘরের মেয়ে, শিক্ষিত, নিপুণা, পরিশ্রমী। জাত-পাতের মারপ্যাঁচে এ—ঘরে। তা—নিয়ে উমা’র মনে আক্ষেপ নেই। সন্ধ্যার আগে সব কাজ শেষ করে। তার কাছেই সন্তানদের শিক্ষার হাতেখড়ি। শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সজাগ দৃষ্টি রাখে। সৎ—চিন্তা-ভাবনায় উৎসাহিত করে। ভুল দেখলে শুধরে দেয়, সঠিক পথ চিনতে সাহায্য করে। মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ছেলে এইচ.এস.সি দিয়েছে, স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার। পবন নিজেকে সেভাবে সাজিয়েছে, শিক্ষকরাও আশাবাদী। সৃজনশীল চিন্তাধারা, একাগ্র, ধীর-স্থির।

প্রলয় ও সুধারামের মাঝে বৈরিতা নেই, তা—সত্ত্বেও দুই ভাই আন্তরিকতা দেখাতে পারে না। মূল কারণ সুধারামের স্ত্রী অর্পিতা। নিজেকে ভাবে— বড় জা’র চেয়ে শ্রেষ্ঠ, রূপে-গুণে, বিদ্যা-বুদ্ধিতে অনন্য। ভাগ্যদোষে এ—সংসারে। বাবার বোকামির ফল ভোগ করছে জীবন দিয়ে। তার ছেলে সিদ্ধার্থ পবনের চেয়েও মেধাবী, শুধু শিক্ষকদের পক্ষপাতিত্বে প্রথম হতে পারেনি।

উমা সস্তা চিন্তায় অভ্যস্ত নয়। বিরামহীন পরিশ্রম, একহাতে সংসার সামলায়। শাশুড়ির দেখাশোনা করে।

পবন পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিল। বিষয়টা ভালো ঠেকেনি অর্পিতার চোখে — ‘সিদ্ধার্থ পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার হলে নাকি নকলের ছড়া-ছড়ি হয়েছে। আমার ছেলেটা একদম বোকা। পবন যা চালাক, তা না—হলে বৃত্তি এতো সহজ বিষয়?’

আগে অর্পিতা প্রায়ই সন্ধ্যাবেলা ঘরে ঢুকতো, যখন সিদ্ধার্থ পড়ার টেবিলে। মুখে একটাই কথা— ‘সারাদিন এতো পড়া লাগে? বেশি পড়লে পাগল হয়ে যাবি, উত্তর পাড়ার ধানুসরে দেখস নাই? তোর বাপের কি টাকা-পয়সা কম আছে? মারা গেলে সব তোর-ইতো হইবো, আরতো কোনো ভাগিদার নাই।’

পবনের সোজা-সাপটা উত্তর, ‘বেশি পড়লে যদি পাগল হয়ে যেতো, তাহলে আলবার্ট আইনস্টাইন আর আমাদের স্যারেরা পাগল থাকতো।’

উমা প্রথম দিকে ছোটো জা’কেও স্নেহ দিতে চাইতো। কিন্তু প্রলয়ের প্রতি অর্পিতার বাঁকা দৃষ্টি, নিজ সন্তানের সাথে অহেতুক তুলনা টানা, তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবা, ব্যথিত করে।

সিদ্ধার্থ মায়ের সাথে কলেজে এসেছে, দিনটি আনন্দের। ফলাফল প্রকাশ হয়েছে আজ, মিষ্টিমুখ করাবে। আসল উদ্দেশ্য প্রচারে আসা। শ্রেণি শিক্ষকের সাথে দেখা। কোথায় ভর্তি হবে, জানতে চায়।

ছেলে মুখ খোলার আগেই অর্পিতা সিদ্ধান্ত জানিয়ে দিলো।

এ—এক অন্যরকম প্রতিযোগিতার বাজার, সেয়ানে-সেয়ানে লড়াই। চাই ইচ্ছাশক্তি ও সাধনা, কোনো খেয়ালি মায়ের আবদার নয়, শিক্ষক কথাটা বুঝানোর মতো অবকাশ পেলো না।

সিদ্ধার্থ পদার্থবিজ্ঞানে ভালো, অপার সম্ভাবনা। কলেজ ক্যাম্পাসটি বিশাল। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক একসাথে। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখে। সিদ্ধার্থ যদিও ভালো নাম্বার পেয়েছে কিন্তু জ্ঞানের গভীরতা কম, মুখস্থবিদ্যায় ভর করে চলে। মায়ের ভয়ে জড়-সড়, মুখ গুঁজে পড়ে থাকে বইয়ের উপর।

পবন একটু আগে খবরটা জানালো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। গত সপ্তাহে পরীক্ষা দিয়ে এসেছিলো। মেধাক্রম প্রথম দিকে।

অর্পিতার চিৎকারে পাড়া-সুদ্ধ কেঁপে উঠলো। কী করেনি ছেলের জন্য? গহনা-গাটি বেঁচে, ধার-দেনা করে নেমেছিল। অসুখের নাম করে ভাইয়ের থেকে টাকা আনতো। প্রতি বিষয়ে আলাদা টিউটর। স্বামী গোবর-গনেশ। না লাগে হোমে, না যজ্ঞে। সন্তানই শেষ ভরসা। নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছে ছেলেকে দিয়ে, সব শেষ।

একসময় অর্পিতা চাইতো সিদ্ধার্থ ব্যবসায়ী হবে, কাকার চেয়েও বড় দোকান নিবে। বাড়ি-গাড়ির মালিক হবে। চাকরির বেতনে পোষাবে না তাদের। কিন্তু মত পাল্টায় পবনের মুখে যেদিন স্বপ্নের কথা শুনে। তার ছেলে কম কীসে?

অর্পিতা সারাদিন আহাজারি করে কাটালো। বিলাপের শব্দে ঘরে টিকা অসম্ভব। রাতে উমা আসে সান্ত্বনা দিতে, তাকে দেখে ভষ্মে ঘি পড়ে। উমা কোমলস্বরে বললো, ‘ছেলেটা—তো চেষ্টা কম করেনি। ভাগ্যের উপর কার হাত আছে? তোমরা না—হয় ওকে ভালো একটা বিষয়ে অনার্স করাও।’

কথাটা শুনে অর্পিতা তেলে-বেগুনে জ্বলে উঠলো। নিজের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে চোখের সামনে ঘুরবে, পরের ছেলের সর্বনাশের আয়োজন করতে এসেছে। তা হতে দেওয়া যাবে না, বিকল্প পথের সন্ধান করতে হবে।

সিদ্ধার্থের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। খরচ একটু বেশি। তাতে কী! পবনের পুরো কোর্সের সমান লাগবে এক সেমিস্টারে। ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়তে কষ্টতো বাবা-মাকেই করতে হবে, নাকি কাকা-কাকি করবে?

সুধারাম হিসাব-নিকাষ কম বুঝে, তাইতো জগতের সকল গোলক ধাঁধাঁ থেকে মুক্ত। সারাদিন মাঠে পড়ে থাকে, বিকালবেলা পুকুরে জাল ফেলে। বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ফল গাছ, সেগুলোর যত্ন নেয়। সংসারে কীভাবে দু’পয়সা আসবে, কীভাবে আরেকটু ভালো রাখা যায় স্ত্রী-সন্তানদের, সারাদিন সে চেষ্টা। স্ত্রীর গঞ্জনা মুখ বুজে সহ্য করে। উঠতে বসতে কটূক্তি শুনে, ‘বড় ভাইয়ের পা ধুয়ে পানি খেতে পারো না? আমি দেখে তোমার সংসার করে গেছি, অন্য কোনো মাইয়া হইলে, লাত্থি মাইরা ফালাইয়া যাইতো।’ দু’জনের পার্থক্য বুঝায়। চাপ সামলাতে না পেরে বাপ-দাদার ঘামে-ভেজা মাটি অন্যের হাতে তুলে দিয়েছে।

শহর থেকে উভয়ের ঘরে খবর আসে। অর্পিতার হজম শক্তি কম। প্রতি বিকেলে পুকুর ঘাটে বসে। অপ্রাসঙ্গিক কথাগুলোও বাতাসে ছড়িয়ে দেয়। ঘরের খবর, পরের খবর, কিছুই বাদ যায় না। মনের মধ্যে চাপা ক্ষোভ, জা’র প্রতি নানা অভিযোগ। প্রচণ্ড রকম অবিশ্বাস লক্ষ করা যায়। বিশেষ করে, সিদ্ধার্থের ভর্তির ব্যাপারে পরামর্শ দেওয়ার পর থেকে। সন্দেহ দানা বাঁধে, নিশ্চয়ই তারা নতুন কোনো ফন্দি আটবে।

এদিকে সিদ্ধার্থের অসহায়ত্ব চোখে পড়ার মতো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ধনীর দুলালদের মিলন-মেলা। ব্যক্তিগত গাড়ি চেপে ক্যাম্পাসে আসে, দামি উপহার আদান-প্রদান করে নিজেদের মধ্যে। ওর মাসিক খরচের সমান বিল দেয় নাশতার টেবিলে।

অর্পিতা ভাইয়ের হাতে-পায়ে ধরে সুধারামের জন্য চাকরির ব্যবস্থা করলো, এক কোম্পানিতে ক্যাশিয়ার পদে। অতীতে এ—চেয়ারে অনেক শিক্ষিত লোক বসেছে। মালিকপক্ষের পরিচিত বলে সদয় হয়েছে।

প্রথম বর্ষ শেষ। দ্বিতীয় বর্ষের সেশন ফি পাঠাতে হবে। অর্পিতা বিশ্ববিদ্যালয়ের কায়দা-কানুন কম বুঝে। একটা কথা জোর দিয়ে প্রচার করলো, ‘সিদ্ধার্থ পবনের থেকে বেশি নম্বর পেয়েছে।’

সুধারামের হাত পাকা। প্রতিমাসে টাকা পাঠায়। বাড়িতে তুলেছে নতুন ঘর। অর্পিতা বায়না ধরে, শহরে চলে যাবে। গ্রামে হাঁসফাঁস লাগে। আকাশের চাঁদ হাতে পাওয়া বাকি। সদ্য কেনা সোনার শেকলটা গলায় জড়িয়ে কয়েকবার চক্কর কাটে উমার চারপাশে।

সকালবেলা দরজায় কড়া-নাড়ার শব্দ। পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়েছে ইতোমধ্যে। অর্পিতার ঘুম ভাঙছে না। আজকাল অনেক বেলা পর্যন্ত ঘুমায়। বিরক্ত মুখে বাইরে আসলো।

উঠানে তিন-চারজন লোক দাঁড়িয়ে আছে। জটলা ক্রমে বড়ো হচ্ছে, সবার মাঝে কৌতূহল। একজন ইশারায় দেখালো, ইনি সুধারামের স্ত্রী।

সুধারাম একমাস যাবৎ পলাতক। অনেক কষ্টে বাড়ির সন্ধান পেয়েছে। ক্যাশ থেকে প্রতি মাসে টাকা সরাতো। বছর শেষে হিসেব করে দেখে কোটি টাকার উপর।

সবাই মুখ চাওয়া-চাহি শুরু করলো। একজন ভেঙচি কেটে, ‘আমরা আগেই সন্দেহ করেছিলাম। নতুন বাড়ি, দামি গহনা, ছেলের পেছনে এতো এতো টাকা, কোথ্থেকে আসে!’

সিদ্ধার্থ বাড়িতে চলে এসেছে, পড়াশোনা আর চালিয়ে নেওয়া সম্ভব নয়।

অর্পিতা এখন জনে জনে বলে বেড়ায়, ‘আমার পোলাও কোনো অংশে কম আছিল না, খালি টাকার অভাবে...।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়