বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:৫৬

ভারী বৃষ্টিতে সবজি চাষিরা শঙ্কায়, তবে চাঁদপুরে নেই জলাবদ্ধতা

কৃষিকণ্ঠ প্রতিবেদক
ভারী বৃষ্টিতে সবজি চাষিরা শঙ্কায়, তবে চাঁদপুরে নেই জলাবদ্ধতা

চাঁদপুরে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হওয়ায় জেলার বিভিন্ন এলাকার সবজি চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চাঁদপুরে খাল, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকায় এক ঘণ্টারও বেশি সময় বৃষ্টিপাত হলেও স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলিতে সাময়িকভাবে পানি জমলেও অল্প সময়ের মধ্যেই তা নিষ্কাশন হয়ে যায় বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

অন্যদিকে জেলার ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, হাইমচর, মতলব উত্তরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় ভারী বৃষ্টির কারণে সবজি চাষিরা শঙ্কায় রয়েছেন। কৃষকদের আশঙ্কা, এভাবে যদি টানা কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে সবজি ক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। একই সঙ্গে রোপা আমনের জমি ও পানের বরজ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ফরিদগঞ্জ উপজেলার কৃষক রমিজ খান জানান, বর্তমানে মাঠে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি রয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়া, রোগবালাই বৃদ্ধি এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, “বর্তমানে জেলার অধিকাংশ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। তবে টানা ভারী বৃষ্টিপাত হলে নিচু এলাকার সবজি ক্ষেত, রোপা আমন ও পানের বরজ ক্ষতির মুখে পড়তে পারে। কৃষকদের জমিতে যাতে পানি দীর্ঘ সময় জমে না থাকে, সেজন্যে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক নজরদারির নির্দেশনা দেওয়া আছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত অনুসরণ, জমিতে অতিরিক্ত পানি জমতে না দেওয়া এবং প্রয়োজনে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁদপুরে অতিবৃষ্টিতে সবজি চাষিরা শঙ্কায়। তবে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা নেই। ছবিটি বিষ্ণুদী গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে তোলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়