বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

খাল খনন দ্রুত বাস্তবায়ন চায় কৃষকরা

কৃষিকণ্ঠপ্রতিবেদক
খাল খনন দ্রুত বাস্তবায়ন চায় কৃষকরা

সারাদেশে শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৮০ দিনের মধ্যে অধিকাংশ খাল খননের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এসব তথ্য জানান।

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন একটি গণআন্দোলনে রূপ নিয়েছিল। তিনি কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে সারা দেশে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে থেকেই খাল পুনঃখননের অঙ্গীকার করে আসছেন, যাতে কৃষকরা সেচ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পান।

সভায় সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। খুব শিগগিরই মাঠপর্যায়ে কাজ শুরু হবে এবং নির্ধারিত ১৮০ দিনের মধ্যে অধিকাংশ খাল খননের কাজ শেষ করার আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে খাল খননের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে কৃষকদের মাঝে উৎসাহের আমেজ দেখা গেছে। বিষ্ণুদী গ্রামের চাঁন মিয়া গাজী ও মিজান মিজি বলেন, ছোটবেলায় তারা দেখেছেন কীভাবে খাল খননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিলো। বর্তমানে অনেক খাল অবৈধ দখল ও ভরাট হয়ে যাওয়ায় কৃষিজমি হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত খাল উদ্ধার ও পুনঃখননের দাবি জানান তারা।

কল্যাণপুর গ্রামের ইলিয়াস আলী ও সুলতান গাজী বলেন, জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থা সচল রাখতে খাল দখলমুক্ত করে দ্রুত খনন করা এখন সময়ের দাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়