মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:৪৫

জসীম মেহেদীর নাটক 'জলরূপালী' মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার
জসীম মেহেদীর নাটক 'জলরূপালী' মঞ্চায়ন
ক্যাপশন :'জলরূপালী' নাটকের একটি দৃশ্য।

চাঁদপুরের প্রখ্যাত নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো জনসচেতনতামূলক নাটক ‘জলরূপালী’। শনিবার (২৩ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় অনন্যার ৪৮তম প্রযোজনার এই নাটকটি প্রথমবারের মতো প্রদর্শিত হলো। নাটকটির রচনায় ও নির্দেশনায় ছিলেন নাট্যজন জসীম মেহেদী।

জলরূপালী’ বিষয়ে তিনি জানান, দেশজ নাট্যরীতির আঙ্গিক নিয়ে নিজস্ব সৃজনশীলতার চেষ্টায় সত্যমূলক কাহিনী নিয়ে অনন্যা নাট্যগোষ্ঠী থেকে নির্মাণ করা হয়েছে এই নাটক। দর্শকরা নাটক দেখার পর বাস্তব জীবনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাবেন বলে তিনি মন্তব্য করেন। নদীমাতৃক চাঁদপুর জেলার ইলিশ ও জেলেদের জীবন-সংগ্রামই এর মূল প্রেক্ষাপট।

নাটকে দেখানো হয় ইলিশ সংরক্ষণে সরকারের মাছ ধরা নিষেধাজ্ঞা, জেলেদের জন্য সহায়তা কার্যক্রম, এবং জীবিকার টানাপোড়েন। নরেশ মাঝির পরিবার, কিস্তি, দাদন, ও সামাজিক বাস্তবতা ঘিরে নাটকটি আবর্তিত হয়। নদীতে মাছ না পাওয়ার কারণে ঋণ ও দারিদ্র্য জেলেদের জীবনে সংকট তৈরি করে।

নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায় কিশোরী কাজলীর বিয়ে ও পারিবারিক দ্বন্দ্ব। অন্যদিকে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে আইন অমান্য ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। শেষদিকে নদীতে পুলিশের অভিযানের সময় ঘটে যায় দুঃখজনক ঘটনা, যা নাটকের বার্তাকে আরও গভীর করে তোলে।

নাটকটি উপভোগ করতে শিল্পকলা একাডেমি মিলনায়তন ছিল দর্শকে পরিপূর্ণ। দর্শকদের মতে, মঞ্চনাটকের জীবন্ত উপস্থাপন হৃদয় ছুঁয়ে যায়। ইলিশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কাহিনী চাঁদপুরের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নতুনভাবে সামনে এনেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন একদল তরুণ ও অভিজ্ঞ শিল্পী। পুরো পরিবেশনায় ছিল গ্রামীণ জীবন, নদী ও জেলেদের সংগ্রামী বাস্তবতার শক্তিশালী উপস্থাপন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়