প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কালচারাল উইক ২০২৬
সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভায় ১৫৯ শিক্ষার্থী পেলো পুরস্কার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ‘কালচারাল উইক ২০২৬'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংস্কৃতি চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।
|আরো খবর
এবারের কালচারাল উইকের প্রতিপাদ্য (থিম) ছিলো— সেলিব্রেট আওয়ার ডাইভারসিটি, ইন্সপায়ার আওয়ার ফিউচার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সেলিম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের প্রিন্সিপাল নূর খান।
কালচারাল উইকের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ী ১৫৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতেও এসব আয়োজন সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল এবং ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর ক্যাম্পাসের সিনিয়র শিক্ষক সাবিকুন নাহার।








