প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
আল আমিন একাডেমি পরিদর্শনে শিক্ষা কর্মকর্তারা
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা

শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার। সোমবার (৩১ আগস্ট ২০২৬) চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মো. শফিকুল ইসলাম ও চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে অতিথিরা প্রতিষ্ঠানের বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তারা। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন কিছু করার আগ্রহ দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।
পরে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি যেমন জ্ঞান অর্জনের বড় সুযোগ তৈরি করেছে, তেমনি এর অপব্যবহার তাদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার থেকে তাদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য হলো তাকে একজন সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা সময়ের দাবি।
পরিদর্শন শেষে অতিথিরা আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম, বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।








