প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৬:৪০
চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বিশাল অংকের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
|আরো খবর
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
অনুষ্ঠানে এই অর্থ-বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়। বাজেট বিবরণী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব খাত থেকে আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা। বাজেটে গত বছরের ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা প্রারম্ভিক স্থিতি হিসেবে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, পৌরসভার সার্বিক উন্নয়নে ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণসহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।
বাজেটে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট বাস্তবায়িত হলে চাঁদপুর পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে।








