প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:০৮
ফরিদগঞ্জে ভূমিসেবা মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে ২০২৬) তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা ভূমি অফিসে আয়োজিত মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মাদ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ব্যবসায়ী শাওন পাঠান প্রমুখ। এর আগে ভূমিসেবা মেলা উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন ভূমি সেবার বিষয়ে তথ্য নেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ভূমি সেবা সম্পর্কিত লিফলেট তুলে দেন।








