প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৩:৫৭
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক নিহত

হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিক (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা রফিক ও সায়েম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলচালক তরিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব শর্মা জানান, মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিক নামের এক যুবক নিহত হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








