সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:৩৭

রামগঞ্জে রেস্ট হাউজের ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা লুট, থানায় অভিযোগ

রামগঞ্জে রেস্ট হাউজের ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা লুট, থানায় অভিযোগ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আবাসিক রেস্ট হাউজের ম্যানেজারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মারধর এবং নগদ টাকাসহ বিকাশ থেকে মোট ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ‘রামগঞ্জ রেস্ট হাউজ’ নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রেস্ট হাউজের মালিক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে—মো. শাকিল (২৮), শাওন (২৫), শামীম উদ্দিন (৩০) ও আনোয়ার হোসেন (২৮) নামের চার যুবককে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় রেস্ট হাউজের ম্যানেজার মো. আরিফ (২০) ক্যাশ কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্ত শাকিল হঠাৎ তার গলায় ছুরি ধরে ক্যাশের চাবি দাবি করে। চাবি দিতে অস্বীকৃতি জানালে আসামিরা আরিফকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।

একপর্যায়ে অভিযুক্তরা ক্যাশবক্স ভেঙে সেখানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এতেই ক্ষান্ত না হয়ে, ম্যানেজারের পরিবারকে ফোন করে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরিবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর পর অভিযুক্তরা ঘটনা নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে ম্যানেজারকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে সটকে পড়ে।

রেস্ট হাউজের মালিক মো. তোফাজ্জল হোসেন জানান, অভিযুক্তদের অপকর্মের কারণে তিনি এবং তার ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়