প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:২৯
শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী 'আল আরাফাহ' পরিবহনের একটি বাস বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে এলে সকাল ৭টায় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে শাহরাস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আপাতত তিনজন নিহত হওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। দুর্ঘটনার শিকার অনেক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহতদের মধ্যে বাস ও ট্রাকচালক দুজনই রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।







