প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:২৯
শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি বানিয়াচৌ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৪৯০) শাহরাস্তি বানিয়াচৌ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড় অতিক্রম করতে গেলে কুমিল্লাগামী বালুভর্তি একটি ডাম্প ট্রাকের (কুমিল্লা -ট-১১-০৪৭০) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। তারা হলেন বাস চালক মো. কামাল হোসেন (৪০), গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের রাজা মিয়ার ছেলে তিনি। বাসের সুপারভাইজার শোভন (৩৫), গ্রামের বাড়ি বাগেরহাট সদর, খোন্তাকাটা এবং ডাম্প ট্রাকের মালিক কাম চালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল ওহাব (৪৫)।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসা নিতে এলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন নিখোঁজ রয়েছে বলে অনেকেই দাবি করছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আপাতত তিনজন নিহত হওয়ার তথ্য রয়েছে তাদের কাছে। দুর্ঘটনার সাথে অনেক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এদিকে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে জরুরি আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত মাল বোঝাই ও দ্রুতগতির যানবাহনের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
ডিসিকে/ এমজেডএইচ








