প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:১৬
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বৃত্ত ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। উপজেলার একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পর উদ্বৃত্ত থাকা ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।
|আরো খবর
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্যে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের দাসপাড়া-শ্যামগঞ্জ খাল পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির জন্য মোট ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়।
নিয়ম মেনে প্রাক্কলন অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করার পর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ শেষে ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা উদ্বৃত্ত থাকে। পরে সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের কাজ শতভাগ যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে উদ্বৃত্ত অর্থ সরকারি বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া আমাদের দায়িত্বের অংশ। প্রতিটি সরকারি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।”
সরকারি অর্থের সাশ্রয় ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ইউএনওর এ উদ্যোগ স্থানীয় প্রশাসনিক মহলে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।








