প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:২৪
যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই
---এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।বিপথগামী যুবকদেরকে সঠিক পথে আনার জন্যে তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে নতুবা একসময় যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি শনিবার ( ৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কেউ যদি মাদকসেবীদের ধরে থানায় সোপর্দ করে, তাহলে তাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমি অচিরেই উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করবো।
|আরো খবর
ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার ছতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় জাফরনগর একাদশ নান্দিয়ারা একাদশকে ৩- ১গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
উল্লেখ্য যে, এ খেলায় ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ টি দল অংশগ্রহণ করে।







