প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১
গ্রামে ভাঙারি ব্যবসা বন্ধ ও আঞ্চলিক মহাসড়ক চার লেন করা হবে
হাজীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় ইঞ্জি. মমিনুল হক এমপি

।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেছেন, সম্প্রতি বাসা-বাড়ি, স্কুল-কলেজ ও মসজিদে ছিঁচকে চুরি বেড়ে গেছে এবং মাদকের বিস্তার রোধে আমাদের কঠোরভাবে কাজ করতে হবে। মাদকসেবীরা বিভিন্ন স্থান থেকে জিনিসপত্র চুরি করে তা ভাঙারি দোকানে বিক্রি করে এবং সেই অর্থে মাদক সেবন করে। তাই সবার আগে ভাঙারি ব্যবসাকে নিয়ন্ত্রণে আনতে হবে। গ্রামাঞ্চলে কোনো ভাঙারি ব্যবসার দোকান থাকতে পারবে না। শুধু লৌহজাত বা মেটালিক সামগ্রীর ব্যবসা যারা করেন, তাদের কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে। ভাঙারি ব্যবসা কেবল পৌর এলাকায় সীমাবদ্ধ থাকবে। যাদের বর্তমানে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের সব লাইসেন্স বাতিল করে নতুন করে পৌরসভা থেকে লাইসেন্স প্রদান করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইসিটি সেন্টারে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সভায় এমপি মমিনুল হক আরও বলেন, রাত ৮টার পর গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শীঘ্রই শুরু হবে। সড়কের কাজ বাস্তবায়নের জন্য উভয় পাশে ১০০ ফুট জায়গা খালি রাখতে হবে। এই মাপের মধ্যে হাজীগঞ্জের কিছু সরকারি স্থাপনাও পড়তে পারে, যা অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল। তবে আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের স্বার্থে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে।
থানা ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য :
সভায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে চেয়ারম্যানগণ যদি আমাদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। গত অক্টোবর মাসে হাজীগঞ্জ থানায় মোট ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে ২১টি মাদকমামলা, ১টি নারী ও শিশু নির্যাতন, ১টি অপহরণ, ২টি বলৎকার, ১টি ট্রাক চুরির মামলা এবং প্রায় ২০০ কিশোরকে আটক করা হয়েছে। এর মধ্যে ভিকটিম ও ট্রাক উদ্ধারসহ বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী বলেন, "কোনো মাদকসেবীকে আমরা দলের কোনো কমিটিতে স্থান দেব না। এ রকম দু’জনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর নিশ্চিত হয়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।"
সভায় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও তাঁদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী, উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদি হাসান পাপ্পু, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ।








