সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:১৪

মেহের কালীবাড়ি ও ঠাকুর বাজারে ফুটপাত দখল, মারাত্মক যানজটে স্থবির শাহরাস্তি

মো. মঈনুল ইসলাম কাজল।।
মেহের কালীবাড়ি ও ঠাকুর বাজারে ফুটপাত দখল, মারাত্মক যানজটে স্থবির শাহরাস্তি

শাহরাস্তি পৌর এলাকার প্রধান দুটি বাণিজ্যিক কেন্দ্র—ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ি ও ঠাকুর বাজারে ফুটপাত দখল এবং সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে কেনাকাটায় আসা সাধারণ মানুষ, পথচারী ও কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানভিত্তিক তথ্যে জানা গেছে, উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এসব বাজারে প্রতিদিন শত শত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পাশাপাশি ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে দেশ-বিদেশের বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। তবে দৈনন্দিন কেনাকাটায় আসা সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফুটপাতগুলো অসাধু ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় ক্রেতা ও পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের।

সরেজমিনে দেখা যায়, বাজার দুটিতে কোনো স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা নেই। সড়কের ওপর যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং ব্যস্ত সময়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালামাল ওঠানামা (লোডিং-আনলোডিং) করার কারণে নিয়মিত যানজট লেগে থাকছে।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, সন্তানকে সাথে নিয়ে বাজার পার হয়ে স্কুলে পৌঁছানো প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাধ্য হয়ে রাস্তার মাঝামাঝি বা পাশ দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ থাকতে হয়।

জানা গেছে, এর আগে মেহের কালীবাড়ি বাজার এলাকার একটি মাঠ রক্ষায় পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে স্থানটি আবারও দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পৌরবাসী।

এদিকে ঠাকুর বাজার এলাকার যানজট নিরসনে জরুরি সভা আহ্বান করেছে শাহরাস্তি পৌর কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে জানা গেছে, যানজটের স্থায়ী সমাধানে সব পক্ষের পরামর্শ নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান জানান, "যানজট ও ফুটপাত দখলের বিষয়ে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। সমস্যা নিরসনে ইতোমধ্যে একটি সভা আহ্বান করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়