প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭
বিষ্ণুদীতে আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকার ‘আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসা’র একাদশ (১১তম) বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বাদ আসর জিটি রোডস্থ সামু গাজী বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ মান্দারী।
এ ছাড়াও আমন্ত্রিত ওয়াজিন হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্সের পরিচালক মুফতি আহসান উল্লাহ নেছারী, হাঁসা আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান মোহেব্বী, মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. দ্বীন ইসলাম প্রমুখ।
মাহফিলের অংশ হিসেবে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আনোয়ারা-মতিউর মডেল মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।"
মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজী ও শিক্ষক মাওলানা মো. আবদুল ছাত্তার খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আনোয়ারা ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার, বায়তুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের ইমাম ও খতিব মুফতি শরিফুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জসিম উদ্দিন, এলাহি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘মতিউর রহমান ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন খান ও ঢাকা সিএসডি গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাজল মৃধাকে সম্মাননাপত্র প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ, সাবেক কাউন্সিলর মো. মালেক বেপারী, মডার্ন শিশু একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক, মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের অফিস প্রধান সুলতান আহমেদ তালুকদার, ইন আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম ভূঁইয়া, আখন্দ বাড়ি বায়তুল আমিন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নূরে আলম, তরপুরচণ্ডী ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার চারটি ইভেন্টে বিজয়ীদের মাঝে মোট ৬২টি পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক মাওলানা নেছার আহমদ মান্দারী।








