বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:১৮

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২০ দিন

কারাদণ্ড ১৮৩ জেলের, জরিমানা প্রায় ৪ লাখ টাকা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২০ দিন

চাঁদপুরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার ২০ দিন অতিক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চাঁদপুর সীমানাধীন মেঘনা নদীসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১৬০টি মামলা ও ৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ১৮৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ অভিযানের তথ্যচিত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্যসূত্রে জানা যায়, জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়ন এবং প্রশাসনের কঠোর নজরদারিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই ২০ দিনে চাঁদপুর জেলায় মোট ৯০টি মোবাইল কোর্ট পরিচালনা এবং ২২৯টি পৃথক অভিযান চালানো হয়েছে। এই সময়ে ৩৬টি মাছ অবতরণ কেন্দ্র, ২৪৮টি মাছঘাট, ১ হাজার ২৫৩টি আড়ত এবং ২৬৯টি বাজার নিবিড়ভাবে পরিদর্শন করা হয়।

টাস্কফোর্সের এসব অভিযানে সর্বমোট ২.৭৩৯ মেট্রিক টন ইলিশ মাছ এবং ১১ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত এই বিশেষ নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলা টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমা, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন এবং কোস্টগার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

-

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়