সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৫৫

হাইমচরে হোটেলে মিললো ১৮ কেজি ইলিশ

মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হাইমচরে হোটেলে মিললো ১৮ কেজি ইলিশ

হাইমচর উপজেলার চরভৈরবীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে আরও একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভৈরবী মাছঘাট সংলগ্ন ‘ইসলামিয়া হোটেল’ নামক খাবারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রি করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।

এ ছাড়া একই এলাকার ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামক প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, “জব্দকৃত ১৮ কেজি ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইমচর থানা-পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়