রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:১৯

হাইমচরে টাস্কফোর্সের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জেলের কারাদণ্ড ও ১৬ এতিমখানায় মাছ বিতরণ

হাইমচরে টাস্কফোর্সের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জেলের কারাদণ্ড ও ১৬ এতিমখানায় মাছ বিতরণ
অনলাইন ডেস্ক

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ উপলক্ষে পরিচালিত যৌথ টাস্কফোর্সের পৃথক দুটি অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) হাইমচর উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় টাস্কফোর্সের প্রথম অভিযানটি পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অপরাধে দুজনকে আটক এবং ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীতে পরিচালিত অপর অভিযানে মা ইলিশ শিকারের সময় হাতেনাতে ছয়জনকে আটক করে টাস্কফোর্স। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও আনুমানিক ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ৩৫ কেজি ইলিশ মাছ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়