রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২৩

ফরিদগঞ্জে আদালতের আদেশ তোয়াক্কা না করে সীমানা বিরোধের জমিতে ঘর তুলছে বিবাদী

ফরিদগঞ্জে আদালতের আদেশ তোয়াক্কা না করে সীমানা বিরোধের জমিতে ঘর তুলছে বিবাদী
শামীম হাসান

ফরিদগঞ্জে প্রবাসফেরত অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রীর চিকিৎসা ব্যস্ততার সুযোগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে সরেজমিনে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের পাটওয়ারী বাড়ির প্রবাসী বোরহান পাটওয়ারীর স্ত্রী হাছিনা বেগম এবং প্রতিপক্ষ মো. আবুল বাশার পাটওয়ারী গং ক্রয়সূত্রে ১২৭ নম্বর হর্নি মৌজার ৭৪১ নম্বর খতিয়ানের ৮৩৯২ নম্বর দাগের ৭ শতক সম্পত্তির সহ-মালিক। পরবর্তীতে হাছিনা বেগম প্রতিবেশীদের চলাচলের পথ রেখে তাদের স্বীয় অংশে বসতবাড়ি নির্মাণ করেন।

অভিযোগ রয়েছে, আবুল বাশার পাটওয়ারী গং তাদের অংশে থাকা একটি কাঁচাঘর ভেঙে ওই চলাচলের পথ অবরুদ্ধ করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেন। এতে হাছিনা বেগম বাধা দিলে প্রতিপক্ষ তা অমান্য করে কাজ চালিয়ে যায়। নিরূপায় হয়ে হাছিনা বেগম চাঁদপুর বিজ্ঞ বিচারিক আদালতে একটি মামলা (নং- ৭৭৪/২০২৬) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নালিশি সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং ফরিদগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী হাছিনা বেগম মুঠোফোনে বলেন, "আমি অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষরা আদালতের স্থিতাবস্থা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের কাজ চালাচ্ছে। আমরা এলাকায় অসহায়, আদালতের কাছে এ অবমাননার সুবিচার চাই।"

এ বিষয়ে জানতে মামলার প্রধান বিবাদী মো. আবুল বাশার পাটওয়ারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তার ছেলে মো. ইব্রাহিম মুঠোফোনে জানান, "আমরা আমাদের নিজস্ব সম্পত্তিতেই ঘর নির্মাণ করছি। প্রতিপক্ষ অকারণে আমাদের হয়রানি করছে। আমাদের অংশের সম্পত্তিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই।"

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মো. বাবুল ও কয়েকজন গ্রামবাসী জানান, উভয় পক্ষের মধ্যে জায়গা নিয়ে আদালতে মামলা চলছে তা সবাই জানে। তবে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে কাজ চলছে তা তাঁদের বোধগম্য নয়।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, "আদালতের নির্দেশে সরেজমিনে তদন্ত শেষে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।"

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, "আদালতের নির্দেশ মেনে চলনোর জন্য উভয় পক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কেউ আদালতের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়