প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২৬
কচুয়ায় শিক্ষার মানোন্নয়নে এসএসসির টেস্ট পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র বিতরণ

শিক্ষার মানোন্নয়ন ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে কচুয়ায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের টেস্ট (নির্বাচনী) পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে 'উপজেলা অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন কমিটি'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রশ্নপত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অভিন্ন প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার প্রতি আত্মবিশ্বাস গড়ে উঠবে। কারণ, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না। এর মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে নকলের আশ্রয় না নিয়ে নিজের মেধা দিয়েই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।"
তিনি আরও বলেন, "কচুয়ায় অভিন্ন প্রশ্নপত্রের এই শুভ উদ্যোগ ও এর ইতিবাচক সুফল দেখতে চান ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কারণেই সারা দেশে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। সে ধারাবাহিকতায় আমরা এবারও সব শিক্ষকের শতভাগ সহযোগিতা কামনা করছি।"
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী এবং আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধাসহ উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত থেকে অভিন্ন প্রশ্নপত্র গ্রহণ করেন।
উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার জানান, আগামী ২৬ অক্টোবর এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়ে ৭ নভেম্বর শেষ হবে। এরপর ১৫ নভেম্বর উপজেলা থেকে কেন্দ্রীয়ভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ১৭ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে।








