প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫
ফরিদগঞ্জে চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

নিজেকে একবার পরিচয় দেন সাংবাদিক, আবার পরিচয় দেন বিএনপি নেতা। কিন্তু আদতে করেন দালালি, চাঁদাবাজি ও মানুষকে মামলার হুমকি দিয়ে হয়রানি। প্রকৃতপক্ষে সে পেশায় একজন মাদক কারবারি। ইতোমধ্যেই তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তারপরও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ নেই। তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরছেন এবং যারা তার বিরুদ্ধে কথা বলেন তাদেরকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছেন। তার কারণে এলাকার তরুণ ও যুব সমাজ মাদকের করাল গ্রাসে আক্রান্ত হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে আমরা ঘর থেকে বেরিয়ে থানার সামনে এসে মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। আমাদের দাবি একটাই--দালাল ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত কামরুল ইসলাম রনি নামে এই ব্যক্তিকে অবিলম্বে আইনের মুখোমুখি করা ও মাদকের বিরুদ্ধে থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো।
|আরো খবর
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শতাধিক নারী-পুরুষ ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধনে দাঁড়িয়ে এসব কথা বলেন। মানববন্ধনে ফরিদগঞ্জ পৌর এলাকা, পাইকপাড়া দক্ষিণ, বালিথুবা পূর্ব ইউনিয়নসহ আশপাশের এলাকার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও বিএনপি নেতা রহমত উল্লাহ, সৌরভ তালুকদার, বোরহান উদ্দিন, পারুল আক্তার প্রমুখ।
তারা বলেন, কামরুল ইসলাম রনির কারণে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। সে যখন যেই সরকার ক্ষমতায় আসে, তার লোক বলে পরিচয় দিয়ে জনগণকে অহেতুক হয়রানি করে থাকে। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো।








