মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২

আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

জসীমউদ্দীন (হৃদয়)।।
আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ১৩৫ নং আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকের যৌথ ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মিহাদ গাজীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একজন শিক্ষার্থীর কেবল ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; তাকে একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আসল লক্ষ্য। এজন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়াশোনা, আচরণ ও নৈতিক মূল্যবোধের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে।”

তিনি আরও বলেন, “সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়েই অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না। সে নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, কার সঙ্গে মেলামেশা করছে এবং তার মধ্যে মানবিক আচরণ গড়ে উঠছে কি না—এসব বিষয়ে মায়েদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেন (দুলাল) মাস্টারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবে কাওছার খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির পাটোয়ারী, ব্যবসায়ী ও সাংবাদিক জসীমউদ্দীন (হৃদয়) এবং যুবদল নেতা মনজুর আলম প্রধানিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা রওশন আরা আক্তার, হাসিনা আক্তার ও শারমিন আক্তার (সুমি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের দপ্তরি রাজন চন্দ্র দে বর্ধন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে দারুণ আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, শিশুর প্রথম শিক্ষালয় তার পরিবার এবং দ্বিতীয় শিক্ষালয় হলো শিক্ষাপ্রতিষ্ঠান। এই দুয়ের মাঝে সঠিক সমন্বয় থাকলে সন্তানের মেধা ও মননশীলতার প্রকৃত বিকাশ ঘটে। তাই সন্তানকে শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য নয়, বরং দেশ ও সমাজের জন্য একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়