প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬
কোড়ালিয়া মেটারনিটি স্কুলে মোশারফ ফাউন্ডেশনের পানির ফিল্টার স্থাপন ও পুরস্কার বিতরণ

‘এক শহর, এক স্বপ্ন’—এই স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর শহরের কোড়ালিয়া মেটারনিটি স্কুলে একটি আধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাঈমা মোশারফ বলেন, "চাঁদপুরকে আমি একটি ঘর মনে করি, আর এই শহরের সকল বাসিন্দা সেই ঘরেরই একটি পরিবারের বাসিন্দা । তাই আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো উচিত। একটি পরিবারের একজন সদস্য কষ্টে থাকলে বা ভুল পথে গেলে বাকিরা ভালো থাকতে পারে না। তাই সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের শহরকে সুন্দর ও নিরাপদ রাখতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের অনেকের ধারণা—উন্নয়নমূলক কাজ কেবল জনপ্রতিনিধিদের। কিন্তু আমি মনে করি, শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সন্তানরা যাতে সামাজিক অপরাধ থেকে দূরে থাকে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।"
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আগামীতে পৌরসভা ও সদর উপজেলাসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সঠিক ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যে জনপ্রতিনিধি সত্যিকার অর্থে নাগরিকদের সেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করবেন, তাকেই আমাদের বেছে নেওয়া উচিত।"
কোড়ালিয়া মেটারনিটি স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মাসুমা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির বাবু।
আলোচনা সভাশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরবর্তীতে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত বিশুদ্ধ পানির ফিল্টারটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুমা আহমেদ, মার্জিয়া কামাল, আমেনা আক্তার, জান্নাতুল ফেরদাউস, রেশমা আক্তার, নাছিমা আক্তার ও সানজিদা আক্তার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।








