রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৬

নজরুলবর্ষ উপলক্ষে থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সপ্তম দিন অতিবাহিত

স্টাফ রিপোর্টার।।
নজরুলবর্ষ উপলক্ষে থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সপ্তম দিন অতিবাহিত

নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সপ্তম দিন মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই নাট্যোৎসবে রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে আয়োজিত শুভেচ্ছা পর্বের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত।

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এবং থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিল্পকলা একাডেমির ওপর চালানো ধ্বংসযজ্ঞ ও লুটপাটের ক্ষতি কাটিয়ে এটিকে পুনরায় সুন্দরভাবে সাজাতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নিরলস কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে ফের জাগ্রত করতে তিনি দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা—তরুণ-যুবককে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের অঞ্চলের শ্রমজীবী মানুষ সারাদিন কাজশেষে বিকেলে ট্রেনে চেপে শহরে এসে সিনেমা দেখে বিনোদন নিতো এবং রাতের ট্রেনে বাড়ি ফিরত—তারা কখনোই মাদকের সাথে জড়ায়নি। আমাদের তরুণ-যুবক যাতে মাদকের ভয়াল থাবায় নষ্ট না হয়, সেজন্যে তাদেরকে বেশি করে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক চলতি বছরকে 'নজরুলবর্ষ' ঘোষণার পর চাঁদপুর থিয়েটার ফোরামের এই আয়োজনের মাধ্যমে শিল্পকলা একাডেমি পুনরায় প্রাণবন্ত হয়ে উঠেছে উল্লেখ করে কাজী শাহাদাত বলেন, হাবিবুর রহমান ও এমআর ইসলাম বাবু দায়িত্ব নেয়ার পর প্রবীণদের সহযোগিতায় সুন্দর এই আয়োজন সম্ভব হয়েছে। তাঁদের হাত ধরে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গন নবযাত্রায় এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিন ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আক্তার হোসেন। শুভেচ্ছা পর্বে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এবং অনুভূতি প্রকাশ করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত।

এর আগে বিকেল সাড়ে ৪টায় 'সপ্তরূপা নৃত্য শিক্ষালয়'-এর অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর পরিচালনায় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর নটমঞ্চের পরিবেশনায় পরিবেশিত হয় শাহজাহান আলীর রচনায় নাটক 'তামাশা'।

পিএম বিল্লাল হোসাইনের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পিএম বিল্লাল হোসাইন, মরিয়ম আক্তার রাহা, মুক্তা আক্তার, মাসুদ পারভেজ, উজ্জ্বল হোসাইন, কবির হোসেন মিজি, এমআর শাহআলম এবং অতিথি শিল্পী হিসেবে দুলাল সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়