প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:৫০
জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়
চাঁদপুরকে নিরাপদ ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ কাজ করুন
------ এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কার্যকরী কমিটির প্রধান পৃষ্ঠপোষক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ‘মুনিরা ভবনে’ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও সর্বস্তরের মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পারস্পরিক সহযোগিতা ও চমৎকার সমন্বয়ের মাধ্যমে চাঁদপুরকে একটি দৃষ্টিনন্দন ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অপরাধ নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সক্রিয় করতে হবে। সংগঠনের সদস্যদের সুনির্দিষ্ট টিমওয়ার্কের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করা প্রয়োজন। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করা সম্ভব হলে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর রূপ নেবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বাড়াচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, মাদক দমনে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। একইসাথে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, শান্তিময়, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। চাঁদপুরের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকল প্রকার বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এঁরা হচ্ছেন : নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সহ-সভাপতি মুনির চৌধুরী, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পরেশ মালাকার, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন লিটন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রোজি, কার্যকরী সদস্য আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান খান, অধ্যাপক হারুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শান্ত, ডা. মীর মুন্তাকিম হায়দার রুমি, মো. আলমগীর সরকার, আবদুর রহিম পাটওয়ারী, মো. জাকির হোসেন, মাওলানা তোফায়েল আহমেদ এবং মো. সাইফুর রহমান গাজী।
ডিসিকে/ এমজেডএইচ








