বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:২৬

জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

স্টাফ রিপোর্টার
জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে চাঁদপুর শহরে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে বায়তুল আমিন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, "গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।" পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করে তা দ্রুত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তিনি।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে অভিযোগ তুলে ধরে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সারাদেশে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন—জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আবুল হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, চাঁদপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর আলম এবং খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শোয়াইব।

এছাড়া জামায়াতে ইসলামীর জেলা শাখার সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসিবুর রহমান হাসানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়