সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০১:০৫

দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশকপূর্তি অনুষ্ঠান

মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেনো দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয়

-----------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার
মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেনো দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয়
ক্যাপশন: দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশকপূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক কর্মশালা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশকপূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের সরকারি উন্নয়নমূলক কাজের সঠিকতা যাচাইয়ে সাংবাদিকরা মাঠে যাবেন এবং অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন। আমি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর সবাই মিলে চাঁদপুর ও হাইমচরকে আরও উন্নত করা হবে। মতপ্রকাশের স্বাধীনতা সবার থাকলেও তা যেনো দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয় এবং কোনোভাবেই মিথ্যা তথ্য প্রচার না করা হয়।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি মনে করি না চাঁদপুর দিগন্ত ফ্যাসিবাদের কোনো উত্তরসূরি। ২০০৬ সালে পত্রিকাটি প্রতিষ্ঠার সময় কর্তৃপক্ষ আমার সহযোগিতা চেয়েছিলো। আমি সার্বিক সহযোগিতা করেছি। সেই অর্থে আমিও এই পত্রিকার একজন অংশীদার। দুই দশক সফলভাবে অতিক্রম করার পর আমি বিশ্বাস করি, আগামীদিনেও পত্রিকাটি চাঁদপুরের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যের শেষাংশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমরা সবাই শালীন ভাষায় কথা বলবো, একে অপরের প্রতি সম্মান দেখাবো। সাংবাদিকরাও জনগণের প্রতি দায়িত্বশীল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

সাংবাদিক শিহাব উদ্দিন সেলিম ও নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান খান, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম, চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর মস্তান, কেএম সালাউদ্দিন এবং উপজেলা প্রতিনিধিদের পক্ষে স্টাফ রিপোর্টার গোলাম নবী খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফসহ জেলার সাংবাদিক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সদস্যরা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, অতিথিদের ক্রেস্ট প্রদান এবং সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিলশা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন কবি নিয়াজ মোর্শেদ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়