প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২০:০৪
হাইমচরে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান সভাপতি ও প্রধানদের সাথে মতবিনিময়কালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি

হাইমচর উপজেলা শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে পরিচালনা কমিটিসমূহের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
|আরো খবর
তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিচালনা কমিটির সভাপতিদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের প্রতি নজর রাখতে হবে। শিক্ষকদের যথাযথভাবে পাঠদান করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়ে নিয়মিত তদারকি করতে হবে।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সুশিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি হাইমচরের শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যাতে উপযুক্ত পরিবেশে লেখাপড়া করতে পারে, সে জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মনসুর আহমেদ, বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, উত্তর চরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেন পলাশ, আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর ঘোষ, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর শেখ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাও. শরীফ হোসেন ও গীতা পাঠ করেন ৭২নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দেবনাথ।উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।








