শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৯

৭০ বছর ধরে পথে পথে কান পরিষ্কার করে জীবিকা চালান ৮৫ বছরের শাহজাহান

আট আনা পারিশ্রমিকে শুরু হয়েছিলো এই পথচলা

কবির হোসেন মিজি
আট আনা পারিশ্রমিকে শুরু হয়েছিলো এই পথচলা
ছবি ক্যাপশন: চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কান পরিষ্কার করছেন ৮৫ বছর বয়সী বৃদ্ধ শাহজাহান খান। ছবি : কবির হোসেন মিজি।

বয়স ৮৫ ছুঁইছুঁই। বয়সের ভারে শরীর হেলে পড়েছে, শরীরের জোরও কমেছে অনেকটাই; কিন্তু থামেনি বেঁচে থাকার হাড়ভাঙা সংগ্রাম। হাতে ছোট্ট একটি সরঞ্জামের বাক্স নিয়ে আজও চাঁদপুর শহরের অলিগলিতে ঘুরে মানুষের কান পরিষ্কার করছেন মো. শাহজাহান খান। প্রায় সাত দশক (৭০ বছর) ধরে একই কাজ করে যাচ্ছেন এই বৃদ্ধ। জীবনের শেষ প্রান্তে এসেও স্বাবলম্বী হয়ে জীবনধারণের এই অদম্য প্রত্যয় নজর কাড়ছে সবার।

মো. শাহজাহান খান চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকার চাপিলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নূর বক্স খান। গত দু বছর ধরে তিনি চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কান পরিষ্কারের কাজ করছেন। এর আগে দীর্ঘদিন রাজধানীর সায়েদাবাদ, কারওয়ান বাজার, গুলিস্তান, যাত্রাবাড়ী, চিটাগাং রোড ও নারায়ণগঞ্জের মতো ব্যস্ত এলাকাগুলোতে এই পেশায় নিয়োজিত ছিলেন।

শাহজাহান জানান, শৈশব থেকেই তিনি এই কাজের সঙ্গে যুক্ত। একসময় মাত্র আট আনা থেকে এক টাকা পারিশ্রমিকে মানুষের কান পরিষ্কার করতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও বেড়েছে। ঢাকায় কাজ করার সময় তিনি একেক জনের কান পরিষ্কারের বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা, এমনকি কখনো কখনো ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পেতেন; দিনে আয় হতো ১ হাজার থেকে ১২ শত টাকা। তবে চাঁদপুর শহরে কাজের সুযোগ ও মানুষের সামর্থ্য কম থাকায় বর্তমানে কাজভেদে ৫০-৬০ টাকাতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

প্রতিদিনের আয় নিয়ে শাহজাহান বলেন, এখন আর আয় নির্দিষ্ট নয়। দিনে কখনো ৫০০-৬০০ টাকা, আবার কোনোদিন ১ হাজার টাকা পর্যন্ত আয় হয়। সবটাই নির্ভর করে পথচারীদের আগ্রহ ও প্রয়োজনের ওপর।

ঢাকায় কাজের চাহিদা বেশি থাকলেও চাঁদপুরে সেই তুলনায় কাজ অনেক কম বলে জানান তিনি। অনেক সময় দীর্ঘক্ষণ হেঁটেও মিলছে না কাঙ্ক্ষিত গ্রাহক। তাই সুযোগ মিললে আবারও চেনা শহর ঢাকায় ফিরে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন এই বৃদ্ধ।

পারিবারিক জীবনে শাহজাহান তিন ছেলে ও তিন কন্যাসন্তানের জনক। জীবনের দীর্ঘ সময় কান পরিষ্কারের এই সামান্য আয় দিয়েই সন্তানদের বড় করে তুলেছেন। বর্তমানে পেশাটির চাহিদা কমলেও এবং শরীরের ক্ষমতা ফুরিয়ে এলেও দীর্ঘদিনের অভ্যাস আর আত্মমর্যাদা নিয়ে বাঁচার আকুতিই তাকে টেনে আনে রাজপথে।

সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যবহার। কিন্তু আটটি দশক পেরিয়ে আসা শাহজাহান খানের হাতে থাকা সেই পুরানো সরঞ্জামের বাক্স এবং জীবিকার তাগিদে পথে পথে হাঁটার লড়াই আজও বদলায়নি। চাঁদপুর শহরের ব্যস্ত সড়কে হাঁটতে থাকা এই বৃদ্ধ যেন নিজেই এক জীবন্ত সংগ্রামের প্রতীক।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়