বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:৩৮

বাখরাবাদ গ্যাসের বিশেষ অভিযান

সাড়ে ১২শ' আবাসিক লাইনে লিকেজ পরীক্ষা।। অবৈধ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্নকরণ

আব্দুল্লাহ আল মামুন
সাড়ে ১২শ' আবাসিক লাইনে লিকেজ পরীক্ষা।। অবৈধ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্নকরণ
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর সদর অঞ্চলে আবাসিক গ্রাহকদের লাইন পরীক্ষা করছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

চাঁদপুর সদর উপজেলার আবাসিক গ্রাহকদের নিরাপদ গ্যাস ব্যবহার নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় গ্যাসের অপচয় রোধে বিশেষ অভিযান শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিএল)। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া জিআই লাইন ও হাউজিং লাইনের লিকেজ শনাক্তকরণ কার্যক্রম আগামী দুই মাসব্যাপী চলবে।

বিজিডিএল সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় চাঁদপুর সদর অঞ্চলের প্রায় ১ হাজার ২৫০টি আবাসিক গ্যাস সংযোগ পর্যায়ক্রমে পরীক্ষা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিশেষজ্ঞ দল অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জিআই লাইনে গ্যাস লিকেজ রয়েছে কি না তা শনাক্ত করছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার মীর ফজলে রাব্বি জানান, গ্যাস লাইনে সামান্য লিকেজও একদিকে যেমন মূল্যবান রাষ্ট্রীয় গ্যাসের অপচয় ঘটায়, তেমনি অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা জুনিয়র সহকারী ও সুপারভাইজার মো. রবিউল ইসলাম বলেন, দুটি বিশেষ টিম প্রতিদিন বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সংযোগ পরীক্ষা করছে। পরিদর্শনের সময় কয়েকটি বাসায় অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলার সংযোগঅবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজিডিএল জানিয়েছে, যেসব গ্রাহকের লাইনে লিকেজ বা কারিগরি ত্রুটি ধরা পড়ছে, তাদের দ্রুত মেরামতের জন্যে নোটিশ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার উক্ত গ্যাস লাইনের কাজ সঠিকভাবে করছে কিনা সেটাও তারা তদারকি করছেন। পাশাপাশি গ্যাস লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা বা অন্য যে কোনো জরুরি সমস্যায় দ্রুত সেবা পেতে গ্রাহকদের বাখরাবাদ গ্যাসের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ গ্যাস ব্যবহার নিশ্চিত করতে এবং দুর্ঘটনামুক্ত পরিবেশ বজায় রাখতে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়