বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:৪৯

মেয়র হিসেবে এমন একজনকে নির্বাচিত করবেন, যিনি আপনাদের আমানতের খেয়ানত করবেন না

............. আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার।।
মেয়র হিসেবে এমন একজনকে নির্বাচিত করবেন, যিনি আপনাদের আমানতের খেয়ানত করবেন না

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভালো কাজের সুফল যেমন ভোটাররা পান, তেমনি তাঁর অপকর্মের দায়ও ভোটারদের বহন করতে হয়। শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও এর জবাব দিতে হবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, পৌরসভায় এমন একজনকে নির্বাচিত করবেন, যিনি আপনাদের আমানতের খেয়ানত করবেন না। যিনি সত্যিকার অর্থে আপনাদের সেবক হিসেবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় নির্মাণাধীন বাইতুস সালাম জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র প্রার্থী হাজী মোশারফ হোসাইন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিলো। আমি নিশ্চিত, তিনি ভালো কাজ করেছিলেন বলেই এতো মানুষ তাঁর জানাজায় শরিক হয়েছিলেন। সেদিন থেকেই আমি মনে মনে চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, জীবনে আর কিছু পাওয়ার নেই। তবে আমার সম্মান হারানোর ভয় আছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি, যদি আল্লাহ আমাকে মেয়র হিসেবে কবুল করেন, তবে আপনাদের আমানতের খেয়ানত করব না। কাল হাশরের মাঠে যেন আপনাদের আমানত ভালো কাজের মাধ্যমে আপনাদের হাতেই ফিরিয়ে দিতে পারি, সেই চেষ্টা করবো। আমার একটাই স্বপ্ন—চাঁদপুর পৌরবাসীর খেদমত করা। আমার জীবনের প্রথম এবং শেষ নির্বাচন হবে চাঁদপুর পৌরসভার নির্বাচন।

তিনি আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটি নির্মাণে সহযোগিতা করার সৌভাগ্য সবার হয় না। আমি আমার সাধ্যমতো এই মসজিদ নির্মাণের পাশে থাকবো। তবে মসজিদ নির্মাণের পাশাপাশি আমাদের মসজিদের মুসল্লি বাড়ানোর কাজও করতে হবে। আমাদের তরুণ সমাজ দিন দিন মসজিদবিমুখ হয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা খেলাধুলা থেকেও বিমুখ হয়ে পড়ছে। মাদক, সামাজিক অপরাধ এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে আমাদের সব অর্জনই বৃথা যাবে। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সত্যিকার অর্থে একটি আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করি।

নির্মাণাধীন বাইতুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি টিপু সুলতান প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. ইসমাইল হোসেন মাঝি, আরিফ ইকবাল লিটু তালুকদার, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির ডাক্তার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্শ্ববর্তী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান নিজামী। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শরীফ উদ্দিন মানিক। এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়