প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৯:৪২
কচুয়া আল-ফাতেহা আয়েশা ইসলাম মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের তুলপাই গ্রামে অবস্থিত আল-ফাতেহা আয়েশা ইসলাম মহিলা মাদ্রাসায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
|আরো খবর
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, সমাজসেবক ও বিশিষ্ট আলেম আব্দুল কাইয়ুম আব্বাসীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার মো. আবু ছালেহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। ২০২৭ সালের পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। আাগামী বছর টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভালোভাবে পাঠদান সম্পন্ন করেই পরীক্ষা কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যারা আন্দোলন করছে তারা আসলে শিক্ষার্থী নয়। আন্দোলনকারীরা পড়াশোনা না করেই অটো পাস নিতে চায়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্র চলছে।
সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুস ছালাম শান্ত, প্রতিষ্ঠানের সাবেক সুপার মাওলানা কাউছার হোসেন, অভিভাবক আমিনুল ইসলাম, কচুয়া ট্রাস্টের সদস্য মফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কবির।
এ সমাবেশে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ছবি : অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।








