মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:৫০

ফরিদগঞ্জে হামলা ও প্রাণনাশের হুমকি!

নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ এক পরিবারের

ফরিদগঞ্জ ব্যুরো।।

ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, পুরোনো হত্যাকাণ্ড ও জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে অপপ্রচার এবং সেই সূত্র ধরে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে একটি পক্ষ। সম্প্রতি হামলার ঘটনা ওই বিরোধেরই ধারাবাহিকতা বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী খাজুরিয়া গ্রামের আব্দুল মান্নানের পরিবার জানায়, এলাকার অটোরিকশাচালক 'কানা রাছেল' নামে এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অজুহাতে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছিলো। সে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

পরিবারটির দাবি, সর্বশেষ ঘটনার দিন শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে অভিযুক্ত ব্যক্তির ছেলে ও ভুক্তভোগী পরিবারের এক ছোট শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বাজার থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে।

ভুক্তভোগী আব্দুল মান্নানের পরিবারের অভিযোগ, হামলার পর থেকে নারী, শিশু ও বয়স্ক সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও হামলা বা বড়ো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ কারণে তারা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আরও জানান, বর্তমান বিরোধের পেছনে ২০২০ সালের জুলাই মাসে খাজুরিয়া গ্রামের গৃহবধূ অঞ্জলী রাণী দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভুল ধারণা কাজ করছে। সে সময় ওই হত্যাকাণ্ডের তদন্তে ফরিদগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

এ বিষয়ে আ. মান্নানের ছেলে শরীফ হোসেন জানান, হত্যা মামলা তদন্ত চলাকালে এলাকার কিছু ব্যক্তির নাম সন্দেহভাজন হিসেবে আসে। তাদের কয়েকজনের ধারণা তৈরি হয় যে, তদন্ত সংস্থার কাছে তাদের নাম নাকি আমি দিয়েছি।

এই কাল্পনিক ধারণাকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়