প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৯:৪৪
হাজীগঞ্জে দু ঘটনায় দুজনের মৃত্যু

হাজীগঞ্জে দু ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের এক শিশু ও মো. মহিন সরকার (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হামপাতালে এবং একই দিন সকালে অটোরিকশা চাপায় শিশুটি মারা যায়।
|আরো খবর
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে একটি ভবনে কাজ করাকালে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মহিন। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।
অপরদিকে একই দিন সকালে টোরাগড় এলাকায় পৌর কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে অটোরিকশায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় আছেন, তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।








