মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০:২৮

কচুয়ায় জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ঈছালে সাওয়াব মাহফিল

সন্তান স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, মুসলিম হিসেবে তার আদর্শ হবে নবীর তরিকায়

...............ছারছীনার পীর সাহেব

স্টাফ রিপোর্টার
সন্তান স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, মুসলিম হিসেবে তার আদর্শ হবে নবীর তরিকায়
কচুয়ায় জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ঈছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি আমিরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর সাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন (মা. জি. আ.) আখেরি মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কচুয়া উপজেলা শাখার সম্মেলন ও ঈছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) বাদ আসর কচুয়া গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর সাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন (মাদ্দা জিল্লাহুল আলী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে বান্দা আল্লাহর হুকুম পালন করবে—এ শিক্ষাই দিতে পীর-মাশায়েখ দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর আমরা দ্বীন শিক্ষার জন্যেই পীরের হাতে বায়াত হই আল্লাহকে পাওয়ার জন্যে। শুধু মুরিদ হলেই হয় না। বর্তমানে রসমি মুরিদ বেশি। এ রকম মুরিদ হলে আমল-আখলাকে উন্নতি হয় না।

তিনি আরও বলেন, আপনার সন্তান স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, মুসলিম হিসেবে তার আদর্শ হবে নবীর তরিকায়। বর্তমানে দেখা যাচ্ছে, বাবা সঠিক আকিদা পোষণ করে, ছেলে বদ আকিদায়; অথবা ছেলে সঠিক আকিদায়, বাবা বদ আকিদায়। মানুষ হিসেবে চেহারা হবে রাসূলের তরিকায়। বর্তমান ফিতনার জামানা। আমলের জন্যেই ফিতনা চারদিকে শুরু হয়েছে। সুন্নাতের ওপর আমলে রাসূলের মহব্বত সৃষ্টি হয়। আমল-আখলাক, চেহারা-সূরাত হবে রাসূলে পাকের তরিকায়। সে তরিকায় থাকতে পীর-মাশায়েখদের সোহবতে আসতে সকলকে আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. মো. হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ মাও. মহিব্বুল্লাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, কচুয়া উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. আবু তাহের (কাদলা হুজুর), যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাও. গাজী ওসমান ফারুকী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাও. মো. হেলাল উদ্দিন ও কচুয়া উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ সাইদুর রহমান তরফদার প্রমুখ।

কচুয়া গুলবাহার দারুসসুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসার মুদীর মাও. মো. শাহজালাল পাটওয়ারী এবং সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশন দলের সদস্যরা এবং গুলবাহার দীনিয়া মাদরাসার ছাত্ররা।

মাহফিলে উপস্থিত ছিলেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ছারছীনার পীর সাহেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়