প্রকাশ : ০৯ মে ২০২৬, ২০:৫২
জমইয়াতে হিযবুল্লাহর বিশেষ তালীমী জলছা

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার বিশেষ তালীমী জলছা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এই তালীমী জলছা। চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই জলছা।
|আরো খবর
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সংগঠন হচ্ছে আল্লাহওয়ালাভিত্তিক জীবনযাপন করা। জীবনের সকল কাজ হবে আল্লাহ পাকের রেজামন্দী হাসিলের জন্যে। আমাদের সমগ্র জীবন ইসলামের বিধান অনুযায়ী গড়ে তোলার নামই জমইয়াতে হিযবুল্লাহ। এ সংগঠনের কর্মী ব্যক্তি, সমাজ ও দেশ গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির অর্জনে কাজ করছেন। তিনি আরো বলেন, পীরের হাতে বায়াত হয়েছি আল্লাহকে পাওয়ার জন্যে। নিজেকে আত্মশুদ্ধি করতে পীরের দেওয়া ছবক নিয়মিত পালন করতে হবে। তার সাথে সাথে নিজ পরিবারের সদস্যদের পর্দার গুরুত্ব বলবেন। আজ পর্দার আমল মুসলমানদের ঘর থেকে বিদায়ের পথে। ছারছীনার মরহুম পীর ছাহেবদ্বয় পর্দার আমলে খুব কঠোর ছিলেন। কাজেই আমরাও শরীয়তের হুকুম পালনে পীরের নমুনায় হবো।
তালীমী জলছায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। জিকিরের তালীমের বিষয়ে আলোচনা করেন সংগঠনের জেলা তালীমদাতা মাও. আব্দুল মালেক এসলাহী, নামাজের মাসয়ালা বিষয়ে আলোচনা করেন জেলা সহ-তালীম সম্পাদক মাও. মো. আবদুর রহমান, শরীয়তে পর্দার হুকুম নিয়ে আলোচনা করেন হাজীগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাও. মো. মুকবুল হোসাইন, ইকামাতে দ্বীন বিষয়ে আলোচনা করেন জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. মো. মোজাম্মেল হক। এছাড়া শরীয়তের বিভিন্ন আমলের প্র্যাক্টিক্যালি প্রদর্শনী করেন সংগঠনের জেলা সভাপতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং নাতে রাসুল পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত গজল পরিবেশক দলের সদস্যরা। পরিশেষে রাত ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।








