প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
শাহরাস্তিতে অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এমপি মমিনুল হক
আয়েত আলী ভূঁইয়ার মতো মানুষের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত

শাহরাস্তিতে আয়েত আলী ভূঁইয়া মেহনতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরিব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে মানুষের কল্যাণে আয়েত আলী ভূঁইয়া যে অবদান রেখে চলেছেন তা আমাদের সমাজে বিরল। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসতে হবে। আমরা জনগণের জন্যে কাজ করতে চাই। কোনো প্রকার বৈষম্য রাখতে চাই না। সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কাউকে সুযোগ দেয়া হবে না। আমরা চাঁদাবাজি ও হয়রানি বন্ধে বাজারগুলোতে খাজনা আদায় বন্ধ করেছি। আগামীতে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কাজ করবো। পহেলা বৈশাখ দুপুরে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল্লাহ কায়সার, আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।








