প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:৪৫
হাজীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির শিকার এক অসহায় পরিবার
হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে আসছে অসহায় একটি পরিবার। এই পরিবারের সম্পত্তি দখল করা ও তাদের ওপর হামলা করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, উল্টো তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
|আরো খবর
জানা যায়, উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের খন্দকার
বাড়ির মৃত মো. জামাল হোসেন খন্দকার মৃত্যুকালে স্ত্রী ও ৫ কন্যা সন্তান রেখে যান। তার মৃত্যুর আগে থেকেই তার সম্পত্তি দখল করাসহ জুলুম অত্যাচার করে আসছে তার আপন ভাই কামাল হোসেন ও একই বাড়ির ইয়াসিন গং। জামাল হোসেনের মৃত্যুর পরে কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং সম্পত্তি দখল করার জন্যে মরিয়া হয়ে উঠে। কিন্তু জামাল হোসেনের রেখে যাওয়া ৫ কন্যা সন্তানের মধ্যে সকলেই পাত্রস্থ হয়ে শ্বশুর বাড়ি চলে গেছেন। তার স্ত্রী রাবেয়া বেগম একাই বাড়িতে থাকেন। রাবেয়া বেগম ও তার সন্তানদের ওপর অত্যাচার ও জুলুম করা নিত্যদিনের ঘটনা। রাবেয়া বেগমকে মারধর ও অত্যাচার করা হলে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ সকালে রাবেয়া বেগম হাজীগঞ্জ থানায় ডায়েরি করে বাড়িতে যান। এ খবর শুনে
কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং বিকেলে সম্পত্তি দখল করতে যায়। তখন রাবেয়া বেগম তাদেরকে বাধা দেয়। এতে তারা রাবেয়া বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করাসহ হাত ভেঙ্গে ফেলে। এমনকি বসতঘর ভাংচুর করে। তার দু মেয়ে ও তার মাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে রাবেয়া বেগমকে চাঁদপুর আড়াইশ' শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় রাবেয়া বেগমের মেয়ে জান্নাতুল ফেরদাউস কাজল বাদী হয়ে ইয়াসিন খন্দকার,
কামাল হোসেন, জেসমিন বেগম, শাহাদাত, ফাহিম ও ইমাম হোসেনসহ ৬ জনকে আসামি করে গত ৯ এপ্রিল
হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। কিন্তু চতুর কামাল হোসেন ও ইয়াসিন খন্দকার গং
উল্টো ফাঁসানোর জন্যে রাবেয়া বেগম ও তার মেয়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছেন।
এ ব্যাপারে রাবেয়া বেগম বলেন, আমার স্বামী জীবিত থাকাবস্থায় ইয়াসিন ও কামাল হোসেন গং আমার স্বামীর সম্পত্তি ভোগদখল করার জন্যে উঠে পড়ে লাগে এবং আমাদের ওপর হামলা করে। তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে রয়েছি। আমার ৫ মেয়ে সন্তান। আমার কোনো ছেলে নেই। আমার সম্পত্তি ভোগদখল করাসহ সম্পত্তি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছে প্রতিপক্ষ। আমার ৪ মেয়ে ঢাকায় থাকে। ১মেয়ে চাঁদপুরে থাকে। আমি বাড়িতে একাই বসবাস করে আসছি। তারা আমাকে ও আমার মেয়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে।
খবর পেয়ে আমার ১ মেয়ে ঢাকা ও ১ মেয়ে চাঁদপুর থেকে আমাকে চিকিৎসার জন্যে নিতে আসলে তাদেরকেও মারধর করা হয়। আমরা অসহায় হয়ে পড়েছি। স্বামীর সম্পত্তি রক্ষা করতে পারবো কিনা তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।








