প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৮
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রী হোস্টেলে মোশাররফ ফাউন্ডেশনের ফ্যান ও পানির ফিল্টার প্রদান

মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজের ছাত্রীদের হোস্টেলে ১০টি সিলিং ফ্যান ও ২টি পানির ফিল্টার প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব সামগ্রী কলেজের অধ্যক্ষের হাতে তুলে দেন ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজী মো. মোশাররফ হোসাইন। এ সময় তিনি বলেন, এই কলেজেই আমার শিক্ষাজীবনের সূচনা। তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা টান ও দায়বদ্ধতা রয়েছে। আমার ছেলের মাধ্যমে জানতে পারি, তীব্র গরমে হোস্টেলে থাকা শিক্ষার্থীরা অনেক কষ্ট পাচ্ছে। সেই কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
|আরো খবর
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে মোশাররফ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোশাররফ হোসাইন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মাননান, উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খালেদ ইকবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামানসহ কলেজের অন্য শিক্ষকবৃন্দ।
কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মোশাররফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আবাসিক পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।







