প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪০
ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের করুণ মৃত্যু

মাদ্রাসা থেকে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করেত নেমে যায় দু সহোদর ইয়াসিন (৮) ও রাসেল (৬)। প্রতিদিনের মতো রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে পুুকুরে নামলেও পানি থেকে আর উঠে আসতে পারেনি। পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়। রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই সন্তান।
|আরো খবর
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো রোববার (৫ এপ্রিল ২০২৬) মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামেন। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দু ভাইয়ের মরদেহ পানিতে ভেসে আছে। পরে পরিবারের স্বজনরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠাণ্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের বাবা-মা ও পরিবারের লোকজন সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধি লক্ষ রাখতে হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ডিসিকে /এমজেডএইচ








