প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২১:৩১
মতলবে দুদিনে চার ব্যক্তিকে জেল ও ৭০ হাজার টাকা জরিমানা
১শ' ১৫ লিটার তেল জব্দ

মতলব দক্ষিণ উপজেলায় জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অপরাধে ফিলিং স্টেশনের চার ব্যক্তিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম চার ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা, এক মাসের জেল দিয়েছেন। এ সময় ১শ' ১৫ লিটার তেল জব্দ করা হয়েছে। এদিকে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি এক ব্যক্তিকে এক বছরের জেল ও ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন।
|আরো খবর
ইউএনও অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে মতলবের নন্দীখোলা বাজারের মেসার্স জাকির ট্রেডার্স ১১হাজার ২শ' লিটার ডিজেল মজুদ করায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. কাউসার (৪৫) কে ৪০ হাজার টাকা, ঘিলাতলী এলাকার খন্দকার ট্রেডার্সের মো. বাবুল খন্দকারকে ২৫ হাজার টাকা, নাগদা বাজারের হারুন ট্রেডার্সের আব্দুল মোতালেব (২৬)কে এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়াও নায়েরগাঁও বাজারের প্রধানীয়া ফিলিং স্টেশন তিন হাজার লিটারের হিসাব না দেয়ায় মালিক রাজীব প্রধানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়েছে।
এছাড়া গত সোমবার বিকেলে পৌরসভার কাজলী সিনেমা হলের সামনে নওরিন ফিলিং স্টেশনের ১৬ দিনের পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির রেজিস্টার দেখাতে না পারায় মালিক মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম বলেন, জ্বালানি তেল মজুদ, কালো বাজারে বিক্রি ও রেজিস্টার দেখাতে না পারায় অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করা হয়। অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








